ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
X

পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’ পেয়েছেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী। ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর, ২০২৬ সালের জানুয়ারি এবং মে-জুন সেশনের পরীক্ষায় ভালো ফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগে এসব শিক্ষার্থীরা মোট ৮৫৩টি পুরস্কার পেয়েছেন।

চারটি পর্যায়ে দেওয়া হয়েছে এ পুরস্কার। এগুলো হলো ইন্টারন্যাশনাল প্রাইমারি, ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি, ইন্টারন্যাশনাল জিসিএসই এবং ইন্টারন্যাশনাল এ লেভেল। এর মধ্যে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় বিশ্বের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। এশিয়ায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন চারজন এবং বাংলাদেশে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৪৯ জন। এ ছাড়া ইন্টারন্যাশনাল প্রাইমারি ও ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি পর্যায়ে ৩৬ জন, ইন্টারন্যাশনাল জিসিএসইতে ৫০৬ জন এবং ইন্টারন্যাশনাল এ লেভেলে ২২৬ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন।

ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে এ আয়োজনে অংশ নেন পিয়ারসন স্কুল কোয়ালিফিকেশনসের গ্লোবাল লিড ক্যাথরিন বুথ এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।

ক্যাথরিন বুথ বলেন, “প্রতিটি ভালো ফলের পেছনে একজন শিক্ষার্থীর শেখার প্রতি আগ্রহ ও পরিশ্রমের পাশাপাশি থাকে অন্যদের সহযোগিতা। শিক্ষার্থীদের এ সাফল্য অনুপ্রেরণাদায়ক। আমরা আশা করি, এ স্বীকৃতি তাদের সামনে আরও চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং সুযোগগুলো কাজে লাগাতে অনুপ্রাণিত করবে।”

স্টিফেন ফোর্বস বলেন, “শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের পাশে থাকা শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের অবদানকেও স্বীকৃতি দেওয়ার উপলক্ষ এ আয়োজন। সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ পেলে শিক্ষার্থীরা কতটা ভালো করতে পারে, এসব ফল তারই প্রমাণ। শিক্ষার্থীদের পরিশ্রম ও সাফল্য উদ্‌যাপনে পিয়ারসনের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত।”

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান পিয়ারসনের বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আবদুল্লাহ ও জান্নাতুল ফেরদৌস সিগমা। বিশেষ অতিথি ও প্রধান অতিথির বক্তব্যের পর শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেট, ইংলিশ অ্যান্ড এক্সামস, জুনায়েদ আহমেদ।

যুক্তরাজ্যের শিক্ষাব্যবস্থার আদলে তৈরি পিয়ারসন এডএক্সেলের শিক্ষাগত যোগ্যতাগুলো বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত। বাংলাদেশে ২০১২ সালে এ পুরস্কার দেওয়া শুরু করে পিয়ারসন এডএক্সেল। এরপর থেকে দেশের ৮ হাজার ৮০০-এর বেশি শিক্ষার্থী তাঁদের অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরুপ এ পুরস্কার পেয়েছেন।


বর্তমানে বাংলাদেশের ১৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে পিয়ারসন এডএক্সেল। প্রাথমিক পর্যায়ের আগের ধাপ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল প্রাইমারি, ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি, ইন্টারন্যাশনাল জিসিএসই ও ইন্টারন্যাশনাল এ লেভেলসহ বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়ন করে থাকে পিয়ারসন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝