বিদেশি আধিপত্যবাদ রুখে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, আজকের পরিস্থিতির সঙ্গে ১৯৭২ থেকে ১৯৭৫ সালের সময়ের মিল রয়েছে। সে সময় গণতন্ত্রের লেবাস পরে ক্ষমতায় এসে গণতন্ত্রকে টুঁটি চেপে হত্যা করা হয়েছিল। সব গণমাধ্যম বন্ধ করে মাত্র চারটি প্রিন্টিং মিডিয়া চালু রাখা হয়েছিল। জনগণের কথা বলার অধিকার ছিল না। পরে সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিল। তিনি দেশে রাজনীতি ও গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।
তিনি বলেন, গত ১৭ বছর আবারও ফ্যাসিবাদ মানুষের ওপর চেপে বসেছিল। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তার বিদায় হয়েছে। এরপর এ দেশের মানুষ ভোটের মাধ্যমে তারেক রহমানকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। তারেক রহমান এ দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন বলে বিশ্বাস করেন তিনি। তবে সেই প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন আবদুস সালাম।
গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, পরাজিত ফ্যাসিবাদের পক্ষে কথা না বলে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত এবং স্বাধীনভাবে বেঁচে থাকার জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু বারবার আধিপত্যবাদী শক্তি দেশের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।
গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও সহিংসতার প্রসঙ্গে আবদুস সালাম বলেন, এসব করে বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে না। এ দেশের মানুষ রক্তপাত ও যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। তাই কোনো ষড়যন্ত্রই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করতে পারবে না।
বর্তমান সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত একটি সরকারকে তিন-ছয় মাসের মধ্যে এক দফার স্লোগান দিয়ে ফেলে দিলে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। গ্যাস, বিদ্যুৎ ও ব্যাংকিং খাতের সংকট কাটাতে সময় প্রয়োজন। সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। তা না হলে দেশের পরিস্থিতি খারাপ হবে এবং জনগণের কষ্ট বাড়বে।
বিএনপির ওপর নির্যাতনের কথা উল্লেখ করে আবদুস সালাম বলেন, দলটির ওপর অনেক অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন হয়েছে। কিন্তু বিএনপি কখনো আন্ডারগ্রাউন্ডে যায়নি; বরং জনগণের পাশে থেকে রাজনীতি করেছে। অন্যদিকে আওয়ামী লীগ তাদের অপরাধ স্বীকার করেনি, দেশবাসীর কাছে ক্ষমাও চায়নি। যেসব মায়ের বুক খালি করেছে, তাঁদের কাছেও ক্ষমা চায়নি বলে মন্তব্য করেন তিনি।
জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে আবদুস সালাম বলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়ার পাশাপাশি ৭ নভেম্বর তাঁর ওপর আস্থা রেখে তাঁকে রাষ্ট্রক্ষমতার দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্ষমতায় এসে তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, মানুষের স্বাধীনতা রক্ষা করেছিলেন এবং রক্ষীবাহিনীর হাত থেকে সেনাবাহিনীকে রক্ষা করেছিলেন। প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদী প্রভাব মোকাবিলা এবং জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত করতেই তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। তাই বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় পরীক্ষিত রাজনৈতিক দল।
গোপালগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ, আলাদা কোনো দেশ নয়। আইনের শাসন মেনেই সেখানকার মানুষকে থাকতে হবে। কিছু সন্ত্রাসী কয়েক দিনের জন্য তাণ্ডব চালাতে পারে, কিন্তু দীর্ঘদিন তা চালিয়ে যেতে পারবে না। বিএনপিকে ছোট করে দেখার সুযোগ নেই। শত নির্যাতনের পরও দলটি প্রকাশ্যে থেকে রাজনীতি করেছে।
তারেক রহমানের ‘পিন্ডি নয়, দিল্লি নয়, সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতি সমর্থন জানিয়ে আবদুস সালাম বলেন, তাঁরা এই নীতিতে বিশ্বাস করেন। অন্যের কোনো হুমকি বা ভ্রুকুটিতে তাঁরা ভয় পান না। যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে, স্বাধীনতা রক্ষার জন্যও বারবার রক্ত দিয়েছে এ দেশের মানুষ। এখনো গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্য রাষ্ট্রের তাবেদারি না করে নিজের দেশ ও দেশের মানুষের পক্ষে কথা বলতে হবে। স্বাধীনতার এত বছর পরও বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে পারেনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
-টিএস