ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে সচিবদের নিয়োগে নতুন বিধান জারি
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সরকারি মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান বা পরিচালক হিসেবে কর্মরত কোনো সচিব বা সমমর্যাদার কর্মকর্তাকে নিয়োগ দেওয়া যাবে না। একই বিধান প্রযোজ্য হবে সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের এক-তৃতীয়াংশ পদে যোগ্য নারী প্রার্থী নিয়োগ বা মনোনয়নের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

এসব বিধান অন্তর্ভুক্ত করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ বা মনোনয়নের জন্য সম্প্রতি নতুন নীতিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

নীতিমালায় বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সুশাসন, পেশাদারিত্ব ও দক্ষতা নিশ্চিত করতে বিভিন্ন পেশার প্রতিনিধিত্ব রাখতে হবে। সে অনুযায়ী, প্রতিটি পর্ষদে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), একজন আইন বিশেষজ্ঞ এবং একজন অভিজ্ঞ অবসরপ্রাপ্ত ব্যাংকার রাখার বিধান করা হয়েছে।

চেয়ারম্যান ও পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি তাঁদের প্রশাসন, ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট পেশায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে বিশেষ দক্ষতা ও কর্ম-অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করার সুযোগ রাখা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, চেয়ারম্যান ও পরিচালকদের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর। কোনো ব্যক্তি টানা দুই মেয়াদের বেশি পরিচালক থাকতে পারবেন না। তবে এক মেয়াদ বিরতির পর পুনরায় নিয়োগ বা মনোনয়ন পাওয়ার সুযোগ থাকবে। এ ক্ষেত্রে আগের মেয়াদে তাঁর কর্মদক্ষতা বিবেচনা করা হবে। একই সময়ে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করা যাবে না। তবে সরকারের বিশেষ নির্দেশনা বা আইনি বিধান থাকলে এ নিয়মের ব্যতিক্রম হতে পারে।

যোগ্যতায় যেসব বিষয় অগ্রাধিকার পাবে

পর্ষদে যোগ্য নারী পরিচালকের পাশাপাশি অর্থনীতি, অর্থায়ন, ব্যাংকিং, আর্থিক বাজার, পুঁজিবাজার, মুদ্রানীতি, আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন, ব্যবসায় শিক্ষা, ব্যবসায় প্রশাসন, কৃষি, শিল্প, আইন ও তথ্যপ্রযুক্তিতে জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এ ছাড়া ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে স্বতন্ত্র পরিচালক নিয়োগ বা মনোনয়নের বিধান অনুসরণ করতে হবে।

নীতিমালায় স্বার্থের সংঘাত এড়াতে বেশ কিছু বিধিনিষেধও রাখা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, বহিঃহিসাব নিরীক্ষক, আইন উপদেষ্টা, পরামর্শক কিংবা বেতনভুক্ত কর্মচারী হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন অথবা গত পাঁচ বছরের মধ্যে দায়িত্বে ছিলেন—এমন কেউ ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক হতে পারবেন না। একইভাবে স্বার্থের সংঘাত রয়েছে, এমন প্রার্থীকেও নিয়োগ বা মনোনয়নের জন্য বিবেচনা করা হবে না।

নিয়োগে ছয় সদস্যের বাছাই কমিটি

চেয়ারম্যান ও পরিচালক নিয়োগের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে সভাপতি করে ছয় সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব, অর্থ বিভাগের একজন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অধিশাখা ও শাখার কর্মকর্তারা থাকবেন। কেন্দ্রীয় ব্যাংক শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাছাই কমিটি প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, আর্থিক অবস্থা ও নৈতিকতা যাচাই করবে। এ জন্য প্রার্থীদের ‘ফিট অ্যান্ড প্রপার টেস্ট’, গোয়েন্দা প্রতিবেদন এবং ঋণসংক্রান্ত ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুনর্নিয়োগের ক্ষেত্রেও আগের মেয়াদের কর্মদক্ষতা যাচাই করা হবে।

কমিটির সুপারিশের ভিত্তিতে চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এবং পরিচালক নিয়োগের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদন নিতে হবে।

দৈনন্দিন প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতে পারবেন না পরিচালকরা

নীতিমালায় পরিচালনা পর্ষদের দায়িত্ব ও ক্ষমতার সীমাও নির্ধারণ করা হয়েছে। ব্যাংকের নীতি প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ এবং আইন ও বিধিবিধান পরিপালন নিশ্চিত করার দায়িত্ব থাকবে পর্ষদের ওপর। তবে প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক কাজে পর্ষদের সদস্যরা হস্তক্ষেপ করতে পারবেন না।

পরিচালকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে ব্যাংকিং বিধিবিধান, মানিলন্ডারিং প্রতিরোধ, করপোরেট সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁদের দায়িত্ব-কর্তব্য ও সম্মানীর ক্ষেত্রে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে হবে।

নীতিমালাটি সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য প্রযোজ্য হবে।

এ ছাড়া সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনও এ নীতিমালার আওতায় থাকবে।

এসএস    
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝