‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, এ বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই। তবে অতীতের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং সহিংসতা বর্জন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা উচিত—এমন আলোচনার বিষয়ে ইইউর অবস্থান জানতে চাইলে মাইকেল মিলার বলেন, এ বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নেওয়া পদক্ষেপগুলো এবং বর্তমানে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলো ইইউ লক্ষ্য করছে।
তিনি বলেন, “আমরা চাই বাংলাদেশ স্থিতিশীল থাকুক। আর আমাদের কাছে এর সহজ অর্থ হলো ন্যায়বিচার।” অতীতের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখানোর পাশাপাশি সহিংসতা বর্জন ও জনশৃঙ্খলা-জননিরাপত্তার প্রতি শ্রদ্ধা জানানো প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
মাইকেল মিলার বলেন, ইইউ অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার কমিশনগুলোর সঙ্গে কাজ করেছে এবং সেখানে অনেক ভালো বিষয় ছিল। এখনো যারা সরকারে রয়েছেন, তাদের সঙ্গে সম্পৃক্ত হতে চায় ইইউ, যাতে ভালো ধারণাগুলো বাস্তবে রূপ পায়।
মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণবাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, ইইউ বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উচ্চাকাঙ্ক্ষা কতটা হবে, তা নির্ধারণে মানবাধিকার পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা চাপের মুখে থাকলে তা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, ইইউর সদস্য দেশ এবং সংস্থাটির সদর দপ্তরের সঙ্গে আলোচনায় উঠে আসে। বিষয়টি তাদের নিয়মিত পর্যবেক্ষণের অংশ।
ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সুশীল সমাজের সংগঠন, প্রতিষ্ঠান, সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে ইইউর সম্পৃক্ততা অব্যাহত রয়েছে। মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কোনোভাবেই নিখুঁত নয় এবং এখানে উন্নতির সুযোগ রয়েছে।
গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকার আহ্বানবাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, দেশের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময় চলছে। এ সময় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। নিরাপত্তা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
বাণিজ্য ও বিনিয়োগে আগাম পরিকল্পনার তাগিদবাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে মাইকেল মিলার বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত বর্তমানে তুলনামূলক কম শ্রমমূল্যের ওপর নির্ভর করে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। তবে জনমিতিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে শ্রমের ব্যয় বাড়বে। ফলে বর্তমানের মতো একই তুলনামূলক সুবিধা আগামী দিনে বজায় রাখা কঠিন হতে পারে।
তিনি বলেন, ইউরোপীয় বাজারে বাংলাদেশের প্রতিযোগীরা মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। অন্যদিকে এলডিসি থেকে উত্তরণের পর নির্দিষ্ট রূপান্তরকাল শেষ হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন কোনো বাণিজ্যিক ব্যবস্থা না থাকলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে মোস্ট ফেভারড নেশন (এমএফএন) শুল্ক প্রযোজ্য হবে।
এতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক অবস্থানে পরিবর্তন আসবে এবং চাপ তৈরি হতে পারে বলে জানান তিনি।
এ পরিস্থিতি মোকাবিলায় আগাম পরিকল্পনা, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ এবং তৈরি পোশাক খাতে সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতির চর্চা বাড়ানোর পরামর্শ দেন মাইকেল মিলার। পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
মাইকেল মিলার বলেন, এসব পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। পরিকল্পনা, বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ ও বাস্তবায়নে কয়েক বছর সময় লাগবে। তাই ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে এখন থেকেই ইইউর সঙ্গে আলোচনায় যুক্ত হওয়া জরুরি।
বাংলাদেশের সরকার, বেসরকারি খাত ও সুশীল সমাজের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে ইইউ প্রস্তুত জানিয়ে তিনি বলেন, উত্তরণ প্রক্রিয়াটি যেন মসৃণ ও পূর্বানুমেয় হয়, সেজন্য উভয় পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ইইউ রাষ্ট্রদূত। তিনি বলেন, দুই পক্ষের সম্পর্ক বিকশিত হচ্ছে। চ্যালেঞ্জ থাকলেও এ সম্পর্কের সম্ভাবনা অনেক বেশি।
বাংলাদেশে অবস্থানের সময় বাড়ানোর সিদ্ধান্তও সম্পর্কের বিকাশের প্রতি তাঁর আগ্রহের প্রতিফলন বলে জানান তিনি। ইইউ বাংলাদেশের সঙ্গে দাতা-গ্রহীতা সম্পর্কের পরিবর্তে অংশীদারত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চায় বলেও উল্লেখ করেন মাইকেল মিলার।
-টিএস