ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পোশাক শ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে প্রস্তাবে কত টাকা মজুরির কথা বলা হয়েছে, তা এখনই প্রকাশ করতে চায় না নিম্নতম মজুরি বোর্ড। আলোচনা শেষ করে পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে তৈরি পোশাকশিল্প খাতের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা চলাকালে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে সভা শুরু হয়। নামাজের বিরতিসহ বিকেল প্রায় ৪টা পর্যন্ত সভার কার্যক্রম চলে।

তিনি বলেন, বোর্ডের সব সদস্য সভায় উপস্থিত ছিলেন। শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা তাঁদের বিশ্লেষণ ও মতামত তুলে ধরেছেন। তবে সভার আলোচনা তখনো শেষ হয়নি।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, আজকের সভায় মালিকপক্ষ লিখিতভাবে তাদের প্রস্তাব দিয়েছে। এর আগে প্রথম ও দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছে। মালিকপক্ষের প্রস্তাব নিয়ে এখন আলোচনা চলছে।

পাশাপাশি ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলে ছোট, বড় ও মাঝারি কারখানা পরিদর্শন করে বোর্ড যে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে, সেগুলোও সভায় উপস্থাপন করা হয়েছে।

মালিকপক্ষের প্রস্তাবের পরিমাণ প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে চেয়ারম্যান বলেন, আলোচনা শেষ হওয়ার আগে কোনো অঙ্ক জানানো হবে না। বোর্ড যে সুপারিশ করবে এবং সরকার চূড়ান্তভাবে যে মজুরি নির্ধারণ করবে, তা বাস্তবায়নের দায়িত্ব মালিকপক্ষের। তাই কোনো পক্ষের মধ্যে বিভ্রান্তি বা অযথা উত্তেজনা তৈরি হোক, তা তাঁরা চান না। আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে প্রস্তাব প্রকাশ না করার বিষয়ে বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মালিকপক্ষের প্রস্তাব নিয়ে বিভিন্ন অঙ্ক ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, মজুরি বোর্ড আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি বা বক্তব্য দেবে, সেটিই গ্রহণ করতে হবে। কেউ ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে কোনো তথ্য দিলে সেটি বোর্ডের সরকারি বক্তব্য হিসেবে বিবেচিত হবে না।

শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধানের কারণে আলোচনা স্থগিত রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আলোচনা এখনো শেষ হয়নি। আলোচনা শেষ না হলে সিদ্ধান্ত জানানোর সুযোগ নেই।

শ্রমিকপক্ষের দাবিগুলো বিভিন্ন মাধ্যমে আগেই প্রকাশিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মজুরি বোর্ড গঠনের আগে ও পরে বিভিন্ন শ্রমিক সংগঠন স্মারকলিপি দিয়েছে। সোমবারও শ্রমিকনেত্রী নাজমা আক্তারের নেতৃত্বে একটি দল বোর্ডের কাছে স্মারকলিপি দিয়েছে। তবে মালিকপক্ষ আজকের সভায় আনুষ্ঠানিকভাবে তাদের প্রস্তাব দিয়েছে। সেটি নিয়েই আলোচনা চলছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝