বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘ল’ ফেস্ট-২০২৬’ এবং বিভাগের ৫৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, সমাজ গঠন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ পেশায় সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার বিকল্প নেই। আইন পেশাকে শুধু অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে না দেখে মানুষের প্রতি দায়িত্ববোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা নগরীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, রাজধানীর মিরপুর-১০ ও মিরপুর-১-সহ বিভিন্ন এলাকা থেকে অবৈধ হকার উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে মোহাম্মদপুরসহ অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম পরিচালনা করা হবে। হকারমুক্ত ফুটপাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ করা হচ্ছে। ইতোমধ্যে রাজধানীতে প্রায় এক লাখ গাছ রোপণ করা হয়েছে। পাশাপাশি ঢাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
বিশেষ অতিথি মো. কামরুজ্জামান জুয়েল বলেন, আইন পেশা মানুষের অধিকার ও ন্যায়বিচারের সঙ্গে গভীরভাবে জড়িত। এ পেশায় সফল হতে হলে কঠোর পরিশ্রম, সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতার চর্চা করতে হবে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দক্ষ ও দায়িত্বশীল আইনজীবী গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।
স্বাগত বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আইন শিক্ষায় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি আদালতে যুক্তি উপস্থাপন, আইনি নথি তৈরি ও কার্যকর যোগাযোগের দক্ষতা অর্জন জরুরি।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আইন বিভাগের চেয়ারম্যান কাজী লতিফুর রেজা। তিনি জানান, প্রায় চার মাসের পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়েছে। তিন দিনের উৎসবে গবেষণা উপস্থাপনা, মুট কোর্ট, আইনি যুক্তি উপস্থাপন, ক্যারিয়ার মেলা, বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য। পরে জনপ্রিয় ব্যান্ডদল ‘শিরোনামহীন’ সংগীত পরিবেশন করে। তাদের পরিবেশনায় উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আইনি শিক্ষা, গবেষণা, ব্যবহারিক দক্ষতা ও পেশাগত প্রস্তুতির ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
-টিএস