ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইউপি নির্বাচন নিয়ে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:৪২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর- টানা তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। নির্বাচনের পরিবেশ বজায় রাখা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে দলগুলোর সহযোগিতা চাইবে ইসি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাদা বৈঠকও অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রয়োজনীয় সব প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে কমিশনের। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কমিশনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ হয়েছিল, মূলত সেসব দলের প্রতিনিধিদের নিয়েই তিন দিনের আলোচনা হবে। তবে পরবর্তী সময়ে নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলগুলোকেও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ইউপি নির্বাচনের জন্য কমিশনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে শুধু কমিশনের প্রস্তুতিই যথেষ্ট নয়। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হবে। একই সঙ্গে সরকার, রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এই চার পক্ষের সম্মিলিত সহযোগিতার ওপরই সুষ্ঠু নির্বাচনের সফলতা নির্ভর করছে।

এদিকে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে ইসি। এ লক্ষ্যে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী তালিকা প্রকাশ করেছে কমিশন। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার সময়সূচিও প্রকাশ করা হয়েছে।

সূচি অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের কথা রয়েছে।

সব মিলিয়ে পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। নির্বাচনের তারিখ নির্ধারণ ও অন্যান্য প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতা চায় ইসি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝