বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা হুয়ান মাতা। দীর্ঘ দুই দশকের পেশাদার ফুটবল জীবনের সমাপ্তি ঘটিয়ে বুটজোড়া তুলে রাখছেন স্প্যানিশ এই মিডফিল্ডার।
২০০৬ সালে রিয়াল মাদ্রিদের যুব দল দিয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন মাতা। এরপর ভ্যালেন্সিয়া, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ইউরোপের শীর্ষ ক্লাবে খেলেছেন তিনি। ক্যারিয়ারের শেষ দিকে গালাতাসারাই, ভিসেল কোবে, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ও মেলবোর্ন ভিক্টরির হয়েও মাঠে নেমেছেন এই স্প্যানিশ তারকা।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য ছিলেন মাতা। ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়েও অবদান রাখেন তিনি। জাতীয় দলের হয়ে ৪১ ম্যাচে ১০ গোল করেছেন এই মিডফিল্ডার।
ক্লাব ফুটবলেও রয়েছে তাঁর অসংখ্য অর্জন। চেলসির হয়ে ২০১২ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপ জেতেন মাতা। পরে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এফএ কাপ ও ইউরোপা লিগের শিরোপাও জেতেন তিনি।
ফুটবলের বাইরেও মানবিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন মাতা। ২০১৭ সালে ‘কমন গোল’ উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে ফুটবলারদের আয়ের একটি অংশ সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয়ের আহ্বান জানান তিনি।
অবসরের ঘোষণা দিয়ে আবেগঘন বার্তায় মাতা বলেন, ‘কখনো কখনো ভালোবাসার অর্থ ছেড়ে দেওয়া। ধন্যবাদ ফুটবল।’
বিশ্বকাপ, ইউরো ও চ্যাম্পিয়নস লিগের মতো বড় শিরোপা জয়ের স্মৃতি নিয়ে ফুটবলকে বিদায় জানালেন হুয়ান মাতা। মাঠের শৈল্পিক ফুটবল ও অসাধারণ পাসিংয়ের জন্য সমর্থকদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন তিনি।
এফএস