ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলায় ২ বিএনপি নেতা নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
X

নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতর্কিত হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। হামলার সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫) এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এ সময় হামলাকারীরা শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হামলায় কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন, জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা এবং কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানসহ (৪২) কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত শাহিন ও সোহেল মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে প্রথমে সোহেল মোল্লা এবং কিছু সময় পর শাহিনের মৃত্যু হয়।

এদিকে, হামলার পর পুরো এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী হামলা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝