চিড়িয়াখানার প্রাণী বৈচিত্র্য বৃদ্ধি এবং দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ সৃষ্টির লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা থেকে দুটি কমন ইল্যান্ড (একটি পুরুষ ও একটি স্ত্রী) এবং দুটি পুরুষ ওয়াইল্ডবিস্ট বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আনা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রাণীগুলো আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের চিড়িয়াখানাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করে যাচ্ছে। প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে একটি আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন প্রাণীর সংযোজন সেই উদ্যোগেরই অংশ।
তিনি আরও বলেন, নতুন এসব প্রাণীর আগমনে দর্শনার্থীরা যেমন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, তেমনি দেশের প্রাণিবৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।
প্রতিমন্ত্রী চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন, আধুনিক ও দর্শনার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান, যাতে চিড়িয়াখানাটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মো. রফিকুল ইসলাম তালুকদার, পরিচালক (উৎপাদন) ডা. মো. মাহফুজার রহমান, প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিম এবং কিউরেটর ডা. মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কমন ইল্যান্ড আফ্রিকার বৃহৎ প্রজাতির অ্যান্টিলোপগুলোর মধ্যে অন্যতম এবং ওয়াইল্ডবিস্ট আফ্রিকার তৃণভূমির একটি পরিচিত বন্যপ্রাণী। এসব প্রাণীর সংযোজন চিড়িয়াখানার প্রাণী সংগ্রহকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
এসআর