শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হলদিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, পরিদর্শনের একপর্যায়ে ইউএনও সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একটি কক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের পাঠদান করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন। পরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান কার্যক্রম এবং সার্বিক শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
শিক্ষার্থীরা জানায়, ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে তারা আনন্দিত হয়েছে। তিনি তাদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য উৎসাহ দিয়েছেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল বলেন, ইউএনও দুটি বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা পরিদর্শন করেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও শিক্ষার পরিবেশ সম্পর্কেও খোঁজ নিয়েছেন।
ইউএনও মো. আল আমিন বলেন, “মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না, তা তদারকি করাও প্রশাসনের দায়িত্ব। পরিদর্শনের সময় শিশুদের সঙ্গে কিছু সময় কাটাতে এবং তাদের পাঠদান করতে ভালো লেগেছে। শিক্ষার্থীরাও ক্লাসটি উপভোগ করেছে, যা আমাকে আনন্দিত করেছে।”
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে এ ধরনের পরিদর্শন ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচএম/এসআর