ট্রাম্প প্রশাসনের ইরাননীতি এবং পারমাণবিক চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
শনিবার (২০ জুন) এক প্রতিবেদনে এনবিসির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রচারিত এনবিসির ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, “আমরা একটি যুদ্ধ করেছি, বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছি, আমাদের সামরিক বাহিনীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। কিন্তু এখন মনে হচ্ছে, আমরা আবার সেই অবস্থায় ফিরে এসেছি যেখানে যুদ্ধ শুরুর আগে ছিলাম; বরং পরিস্থিতি হয়তো আরও কিছুটা খারাপ হয়েছে।”
তিনি আরও বলেন, যুদ্ধবিরতি দেখতে পেয়ে তিনি স্বস্তি অনুভব করছেন এবং আশা করেন এটি স্থায়ী হবে।
ওবামা বলেন, তার প্রশাসনের সময় সম্পাদিত পারমাণবিক চুক্তির আওতায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে সরে আসে।
তার ভাষায়, “এই প্রশাসন বা আগের মেয়াদে থাকা একই প্রশাসন সেই চুক্তি থেকে বেরিয়ে এসেছিল। এর ফলে ইরান আরও বেশি পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ পেয়েছে।”
তিনি ট্রাম্প প্রশাসনের নীতি নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, এতে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বেড়েছে।
সূত্র: এনবিসি, আল জাজিরা
টিএস