ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ৯ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে কার্য উপদেষ্টা কমিটি। বাজেট আলোচনা সম্পন্ন করতে নির্দিষ্ট কয়েকদিন দুই বেলা অধিবেশনও অনুষ্ঠিত হবে।
রোববার (৭ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ও কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমদ। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। তবে বাজেট আলোচনার জন্য সময় বাড়াতে আগামী ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত টানা চার দিন সকাল ও বিকেল—দুই পর্বে অধিবেশন পরিচালিত হবে।
কার্য উপদেষ্টা কমিটি বাজেটের ওপর সাধারণ আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করেছে। একই সঙ্গে অধিবেশনের সময়সূচি ও কার্যদিবস প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
বৈঠকে জানানো হয়, প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১৯১টি এবং বিভিন্ন মন্ত্রীর উত্তরদানের জন্য ৩ হাজার ৩৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে মোট প্রশ্নের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২২৮।
এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মনোযোগ আকর্ষণের ৯৮টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের ২৯৩টি নোটিশ জমা পড়েছে।
বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় এবং চিফ হুইপ মো. নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিরোধীদলীয় সদস্যদের মধ্যে উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এ টি এম আজহারুল ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির অংশ নেন। এছাড়া স্পিকারের বিশেষ আমন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বৈঠকে যোগ দেন।
বৈঠকে সচিবিক সহায়তা প্রদান করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।
জেবি/ এসআর