ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাজেট অধিবেশনের প্রথম দিনেই জবাবদিহির মুখে মন্ত্রীরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৬:৪১ পিএম
X
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের প্রথম দিনেই বিদ্যুৎ পরিস্থিতি, সাংবাদিকতার পরিচয়পত্রের অপব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানো এবং সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরব ছিলেন সংসদ সদস্যরা।

রোববার (৭ জুন) বিকেলে শুরু হওয়া অধিবেশনে এসব বিষয়ে মন্ত্রীদের কাছে জবাব জানতে চান সংসদ সদস্যরা।

অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করা হয়। এতে বেগম সেলিমা রহমানকে প্রথম সদস্য হিসেবে রাখা হয়েছে। অন্য সদস্যরা হলেন ড. মোহাম্মদ ওসমান ফারুক, জয়নুল আবেদিন, মোহাম্মদ শাহজাহান ও শাহজাহান চৌধুরী।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুৎ উৎপাদনের ঘাটতির কারণে বর্তমানে কোনো লোডশেডিং করা হচ্ছে না। ঝড়-বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ অথবা সঞ্চালন ও বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণের কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎবিভ্রাট দেখা দিতে পারে। তিনি জানান, গ্রীষ্ম মৌসুমে চাহিদা বাড়লেও সরকার পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে।

অধিবেশনে সাংবাদিকতার পরিচয়পত্র বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নির্বিচারে সাংবাদিকতার কার্ড বিতরণ করা হচ্ছে। অনেকেরই সাংবাদিকতা বিষয়ে প্রয়োজনীয় যোগ্যতা বা প্রশিক্ষণ নেই। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চান তিনি।

জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় সরকার বিশেষ মনিটরিং টিম গঠন করেছে। এসব অপতথ্য শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে পূর্বে দেওয়া এক প্রতিশ্রুতির প্রসঙ্গ উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীদের উদ্দেশে বলেন, সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো ভালোভাবে যাচাই-বাছাই করা উচিত।

অধিবেশনের শুরুতেই আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে তাদের স্মরণে সংসদে শোক প্রকাশ, বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাজেট অধিবেশনের প্রথম দিনেই জনজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা এবং মন্ত্রীদের জবাবদিহি সংসদীয় কার্যক্রমে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

টিএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement