অস্ত্র আইনের পৃথক দুই ধারায় মো. মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দার (২০) নামে এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
দণ্ডপ্রাপ্ত মমি জমাদ্দার খুলনা মহানগরীর দৌলতপুর থানার পাবলা হাস খামার এলাকার শামীম জমাদ্দারের ছেলে।
ট্রাইব্যুনালের উচ্চমান বেঞ্চ সহকারী মোহাম্মদ ছয়েদুল হক শাহিন জানান, ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর রাত সোয়া ১১টার দিকে দৌলতপুর থানার এসআই আলিমুজ্জামান বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, একটি মামলার সন্দেহভাজন আসামি মেহেদী হাসান মমি পাবলা ফকিরপাড়ার হক সাহেবের বাড়ির সামনে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে মমি পুলিশকে জানান, দৌলতপুর থানার কল্পতরু মার্কেটে তার ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র রাখা আছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ‘নাজ এন্টারপ্রাইজ’ নামের একটি পরিত্যক্ত দোকান থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।
এ ঘটনায় ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর এসআই আলিমুজ্জামান বাদী হয়ে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। একই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুকুল খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় ৯ জন সাক্ষীর মধ্যে ৭ জন আদালতে সাক্ষ্য দেন। রায়ে দণ্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এসএমএস/এসআর