ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৯
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:০৬ পিএম
পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তার ও মাদকবিরোধী বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত নয় জন আহত হয়েছেন। গত শনিবার (২০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে বশির মোল্লা নামে আরও এক ব্যক্তিকে মারপিট করে হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি সেলিম রেজা (৫২), গুনাইগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম আলাল (৫৫), আবুল বাশার নবীর চাঁদ (৩৫), হৃদয় হোসেন (২২), সোহান হোসেন (২৩), কেতাব আলী (৪৫) ও মিজানুর রহমান (৪০)। এর মধ্যে কয়েকজনকে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, সম্প্রতি গুনাইগাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলাল হোসেনের নেতৃত্বে চরপাড়া সাহেববাজার এলাকায় আশারফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ এনে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। পরে আলালসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন আশরাফুল। আর আশরাফুলকে নিয়ে থানায় অভিযোগ দেওয়ায় সহযোগিতা করার অভিযোগ এনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি সেলিম রেজার বিরুদ্ধেও বিক্ষোভ করে আলাল গ্রুপ।

গত শনিবার রাত ৯টার দিকে আবারো বিক্ষোভ মিছিল করে আলাল গ্রুপ। মিছিল থেকে বিএনপি নেতা ভিপি সেলিমের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। মিছিলকারীরা সাহেব বাজারে গেলে সেলিম রেজার উপস্থিতিতে প্রতিপক্ষের লোকজন চাপাতি, লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এতে কয়েকজন আহত হন। এলাকার লোকজনের হস্তক্ষেপে উভয়পক্ষ সরে যায়।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৯টার দিকে বিএনপি নেতা সেলিম রেজাসহ অন্যরা মোটরসাইকেলযোগে চাটমোহরে ফিরছিলেন। এ সময় আলাল পক্ষের লোকজন সেলিম রেজাসহ তার অনুসারীদের উপর হামলা করে মারপিট করে। রাতেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি সেলিম রেজা বলেন, 'আলাল, হেলাল ও মুক্তার গং মাদকসেবীদের নিয়ে মাদকবিরোধী মিছিল বের করে আমার বিরুদ্ধে নানা স্লোগান দেয়। এলাকার লোকজন এতে বাধা দিয়েছে। আমি উভয়পক্ষকে নিবৃত করার চেষ্টা করি। কিন্তু তারা আমাকেও লাঞ্ছিত করেছে।'

গুনাইগাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলাল হোসেনসহ অন্যরা জানান, সেলিম রেজা এলাকার মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিয়েছেন। তার স্ত্রী রহিমা রেজা মাদক সেবন এবং বিক্রির দায়ে ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছেন। সেই অভিযোগে জাতীয়তাবাদী মহিলা দলের চাটমোহর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পর থেকে বহিষ্কার করা হয়েছে। তার স্বজনরা আওয়ামী লীগের সাথে জড়িত। মাদকবিরোধী কর্মসূচিতে সেলিম রেজা, তার আত্মীয় গুনাইগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  ইজাবত প্রামানিকের তিন ছেলে কেতাব, কুতুব, কুদ্দুস, সিরাজুল ইসলাম, এনজিও কর্মী জাইদুল চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও মারপিট করেছে। আমরা দলীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, 'এ ঘটনায় আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

আরআর/এএম/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement