চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন সোহাগ জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে হেলমেট পরিহিত এক ব্যক্তি প্রথমে চেয়ারম্যানের কক্ষের জানালা ভাঙার চেষ্টা করেন। পরে প্রশাসনিক কর্মকর্তার কক্ষের জানালা ভেঙে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এ সময় পাশের গ্রাম আদালত কক্ষের সামনেও আগুন ধরিয়ে দেন ওই ব্যক্তি।
বিস্ফোরণ ও আগুনের শব্দ শুনে দায়িত্বে থাকা গ্রাম পুলিশ মোহাম্মদ আলী ঘটনাস্থলে এগিয়ে যান এবং চিৎকার শুরু করেন। তার ডাক শুনে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
টিএস/মফিজুল