নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি পটুয়াখালীতে। জেলার সদরসহ সব উপজেলায় স্বাভাবিক রয়েছে জনজীবন। সকাল থেকেই অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। খোলা রয়েছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। স্বাভাবিক রয়েছে মানুষের চলাচলও।
জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন জানান, জেলার প্রতিটি রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও যানবাহন চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার রাত থেকে জেলাজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেও বৃহস্পতিবার সকাল থেকে শহরের সড়কগুলোতে স্বাভাবিক চলাচল দেখা গেছে।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা থাকায় নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানেও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর আগে বুধবার রাতে লকডাউন কর্মসূচির প্রতিবাদে জেলা শহরের বিভিন্ন এলাকা ও মহাসড়কে প্রচারণা চালায় জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় একটি গাড়িতে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মীকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করার দাবি করেছে সংশ্লিষ্টরা।
এদিকে লকডাউন কর্মসূচি ঘিরে দলের অবস্থান তুলে ধরে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে তাঁরা মনে করেন। বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক রয়েছেন।
তিনি আরও বলেন, পটুয়াখালীতে কোনো ধরনের ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাঁরা মাঠে থাকবেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
সব মিলিয়ে, লকডাউন কর্মসূচির মধ্যেও পটুয়াখালীতে যানবাহন চলাচল, শিক্ষা কার্যক্রম, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড স্বাভাবিক রয়েছে।
মোঃ জাকির হোসেন / এফএস