বিয়ের সব আয়োজন সম্পন্ন। বাড়িতে আত্মীয়স্বজন ও বরযাত্রীদের ভিড়। উপস্থিত কাজিও। চলছিল খাওয়াদাওয়া। ঠিক সেই সময় বোরকা পরা এক তরুণী বরের জন্য নিয়ে আসেন বিশেষ মিষ্টি। শর্ত একটাই, সেই মিষ্টি শুধু বরই খাবেন, অন্য কেউ নয়। কিন্তু মিষ্টি মুখে তুলতেই সন্দেহ হয় বরের। পান বিষের গন্ধ। পরে মিষ্টিতে কীটনাশক মেশানো হয়েছে বলে সন্দেহ করেন স্বজনেরা। এ ঘটনায় বিয়েবাড়িতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শেষ পর্যন্ত বিয়ে না করেই বরকে নিয়ে বাড়ি ফিরে যান স্বজনেরা।
স্থানীয়দের একাংশের দাবি, বরকে পছন্দ হয়নি কনের। তাই বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছেন তিনি। তবে এই অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বর তাওফিকুর রহমান (২৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে। কনে সাদিয়া আক্তার (২০) বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে।
বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, বিকেল ৩টার দিকে বরসহ তাঁরা কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও উপস্থিত ছিলেন। বরযাত্রীরা খাওয়াদাওয়া করছিলেন। এ সময় বরের পাশে বসে ছিলেন তিনি। এর মধ্যেই বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে জানান, এগুলো শুধু বর খাবেন, অন্য কেউ নয়।
বজলুর রহমানের ভাষ্য, মিষ্টি মুখে দেওয়ার সময় তাওফিকুর রহমান তাতে বিষের গন্ধ পান। বিষয়টি স্বজনদের জানালে মিষ্টি পরীক্ষা করে তাতে কীটনাশক থাকার সন্দেহ হয়। এ সময় ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতলও দেখতে পান তাঁরা। পরে মিষ্টি রেখে তরুণীটি দ্রুত সেখান থেকে চলে যান।
ঘটনাটি কনের পক্ষের লোকজনকে জানিয়ে ওই তরুণীর খোঁজ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। কনের পরিবারের সদস্যরাও তাঁকে চেনেন না বলে জানান। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন বর ও তাঁর স্বজনেরা। পরে দ্রুত তাওফিকুরকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
একই ধরনের কথা জানিয়েছেন বরের ফুফাতো ভাই সাগর মিয়া। তাঁদের দাবি, ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন বরপক্ষের লোকজন। প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে যান তাঁরা। আপাতত বিয়ে বন্ধ রয়েছে। দুই পরিবারের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে তাওফিকুর রহমানকে হাসপাতালে আনা হয়। স্বজনেরা জানিয়েছিলেন, বিয়ের আসরে তাঁকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টি খাননি। ফলে তাঁর শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। তিনি ভীত ও মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান, বিয়ের আয়োজন চলাকালে বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ করেন। তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন তিনি।
বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, বরের মিষ্টিতে বিষ দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। স্থানীয় এক গ্রাম পুলিশ তাঁকে ফোন করে জানান, বরকে পছন্দ না হওয়ায় কনে এক মেয়েকে দিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন। তবে অভিযোগের সত্যতা তিনি নিজে নিশ্চিত করতে পারেননি।
এদিকে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, এ ধরনের কোনো ঘটনার কথা তাঁর জানা নেই। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এফএস