পিরোজপুর থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে নাজিরপুরের মালিখালী ইউনিয়ন পর্যন্ত কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। প্রয়োজনে নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির জেলা সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ড, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা এবং পিরোজপুরের বিভিন্ন এলাকায় নাশকতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
পিরোজপুর শহর থেকে মোটরসাইকেল শোডাউন শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা নাজিরপুর উপজেলা সদরে যান। সেখানে উপজেলা বিএনপির কার্যালয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা ছাত্রদলের নেতারা।
সভায় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, গত ১৭ বছর ধরে হামলা-মামলার শিকার হওয়া নির্যাতিত ও নিঃস্ব নেতাকর্মীদের ওপর হামলা কিংবা তাদের বাড়িঘরে আগুন দেওয়া হলে ফ্যাসিস্টদের বাড়িঘরও অক্ষত থাকবে না।
তিনি বলেন, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক শক্তি বাড়াতে হবে। টুঙ্গিপাড়ার কাছাকাছি অবস্থান করায় নাজিরপুরের নেতাকর্মীরা কোনো সমস্যায় পড়লে জেলা ছাত্রদল তাদের পাশে থাকবে। প্রয়োজনে নির্দেশনা অনুযায়ী হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাওয়ার কথাও জানান তিনি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন বলেন, গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও করে তারেক রহমানের সরকার পতনের স্বপ্ন দেখলে সংশ্লিষ্টরা ভুল করছেন। বিএনপি ও ছাত্রদল পরিস্থিতি মোকাবিলা করছে এবং ভবিষ্যতেও ধৈর্যের সঙ্গে তা অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, পরিস্থিতি সহনশীলতার সীমা অতিক্রম করলে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে পুলিশ সহযোগিতা না করলে তাদেরও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
মতবিনিময় সভা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা ১৮ নভেম্বর রাত পৌনে ২টার দিকে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত দোকানমালিক ও স্বেচ্ছাসেবক দলের এক নেতার সঙ্গে দেখা করে ঘটনার খোঁজখবর নেন তারা।
পরে মোটরসাইকেল শোডাউন নিয়ে টুঙ্গিপাড়া সীমান্তবর্তী নাজিরপুরের মালিখালী এলাকায় যান ছাত্রদলের নেতাকর্মীরা। স্থানীয়দের অভিযোগ, গত দুই দিনে ওই এলাকায় বিএনপির দুটি কার্যালয় ও দলটির এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন তারা। মালিখালীতে গিয়ে আওয়ামী লীগবিরোধী স্লোগানও দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
কর্মসূচি শেষে পিরোজপুরের উদ্দেশে রওনা হন তারা। ফেরার পথে জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
এসএস