বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২১ মিনিটে মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যান।
আমির হামজা সাথিলের বাড়িটি ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নে সরকারি মহিলা কলেজের পাশে অবস্থিত। ঘটনার সময় বাড়িতে তাঁর চাচা ও পরিবারের সদস্যরা ছিলেন। পেট্রোল বোমাগুলো বাড়ির সামনের সড়কে বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে।
এসএস