কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে ৪০০-এর বেশি লগি-বৈঠা জব্দ করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ধুলদিয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল ও কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুলদিয়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৪০০-এর বেশি লগি-বৈঠা উদ্ধার করা হয়। এবং জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়।
পুলিশের দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে একটি চক্র এসব লগি-বৈঠা মজুত করছিল। তবে এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসএ