অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে যাওয়ার পথে কক্সবাজারের পেকুয়ায় এক দালালসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের বহনকারী একটি হাইয়েস গাড়িও জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে পেকুয়া কলেজ গেট চৌমুহনী স্টেশন এলাকায় পুলিশের তল্লাশিতে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আমির হোসেন (৩০), মোহাম্মদ হোসেন (২৫), হুমায়ুন কবির (২৪), রহিম উদ্দিন (৩০), মো. আজম নূর (৩০), মো. মিজান (৩০) ও আবুল কাশেম (৩০)। তাঁদের বাড়ি বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়। এ ছাড়া গাড়ির চালক সোহেল আকবর (৩৫), সহকারী মুজিবুর রহমান (১৫) ও আলমগীরকে (২৫) আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি হাইয়েস গাড়িতে করে কয়েকজনকে নিয়ে টেকনাফের দিকে যাওয়ার সময় পেকুয়া কলেজ গেট এলাকায় তাঁদের আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িসহ তাঁদের থানায় নিয়ে যায়। প্রথমে তাঁরা কক্সবাজার বেড়াতে যাওয়ার কথা বললেও পরে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার কয়েকজন ব্যক্তি অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী মাইক্রোবাসটি পেকুয়া চৌমুহনী এলাকায় পৌঁছালে পুলিশের তল্লাশিতে পড়ে। এ সময় গাড়িতে থাকা ১০ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, আমির হোসেন নামে একজন তাঁদের মালয়েশিয়া পাঠানোর জন্য দালাল হিসেবে কাজ করছিলেন। জনপ্রতি ৭০ হাজার টাকা চুক্তিতে তাঁদের টেকনাফে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান বলেন, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে ১০ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন মালয়েশিয়াগামী, একজন দালাল, একজন গাড়িচালক ও দুজন চালকের সহকারী। এ ঘটনায় মানবপাচার আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নাজিম উদ্দিন / এফএস