জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হাসনাত হিমেলকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়াইড় গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু হাসনাত হিমেল রোয়াইড় গ্রামের মাহাবুব আলম সরদারের ছেলে। তিনি ২০১৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে নিজ বাড়িতে অবস্থান করার সময় পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁকে থানায় নেওয়া হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হাসনাত হিমেলকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।