চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিচার শুরু বা অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
পরীমনির আইনজীবী জানান, ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এ জন্য সকাল সাড়ে ১০টার দিকে আদালতে উপস্থিত হন পরীমনি। তবে সেখানে গিয়ে তিনি জানতে পারেন, মামলাটি ঢাকার সিএমএম আদালতে স্থানান্তর করা হয়েছে।
পরে পরীমনি সিএমএম আদালতে হাজির হলে বিচারক অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমনি। ফলে শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তোলেন চিত্রনায়িকা পরীমনি। এর কয়েক দিন পর ৪ আগস্ট তাঁর বাসায় অভিযান চালিয়ে মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধারের কথা জানায় র্যাব। পরে তাঁকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। প্রায় এক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি।
একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ব্যবস্থাপক আশরাফুল ইসলাম দিপু এবং তাঁর খালু কবীর হোসেন হাওলাদার।
মামলার বাদী র্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন। তবে অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে তাঁর ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালত পুনরায় অভিযোগ গঠনের আদেশ দেন।
এফএস