ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বক্স অফিসে ঝড় তুলেছে জনি ডেপের ‘এবেনেজার’, প্রথম সপ্তাহেই আয় ৪২ মিলিয়ন ডলার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম
X

হলিউড অভিনেতা জনি ডেপের প্রত্যাবর্তনের সিনেমা ‘এবেনেজার’ মুক্তির প্রথম সপ্তাহান্তেই বক্স অফিসে দারুণ সূচনা করেছে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪ কোটি ২০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫২৫ কোটি টাকা।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহ থেকে এসেছে ১ কোটি ৯০ লাখ ডলার। মুক্তির প্রথম সপ্তাহান্তেই যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক—উভয় বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি।

চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘এ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘এবেনেজার’। সিনেমাটি পরিচালনা করেছেন টি ওয়েস্ট। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। আরও অভিনয় করেছেন রুপার্ট গ্রিন্ট ও ইয়ান ম্যাককেলেন।

তবে বক্স অফিসে সাফল্যের বিপরীতে সিনেমাটি নিয়ে সমালোচকদের প্রতিক্রিয়া খুব একটা ইতিবাচক নয়। মুক্তির আগে থেকেই জনি ডেপের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা ও বিতর্ক ছিল। সমালোচকদের নেতিবাচক পর্যালোচনা সত্ত্বেও দর্শকদের কাছ থেকে প্রাথমিকভাবে ভালো সাড়া পেয়েছে সিনেমাটি।

প্রায় ৩ কোটি ৮০ লাখ ডলার বাজেটে নির্মিত হয়েছে ‘এবেনেজার’। সে হিসাবে প্রথম সপ্তাহান্তের আয় নির্মাণ ব্যয় ছাড়িয়ে গেলেও সিনেমাটিকে লাভজনক অবস্থানে পৌঁছাতে আরও আয় করতে হবে। কারণ, সাধারণত সিনেমার প্রচার ও বিপণন বাবদ ব্যয় নির্মাণ বাজেটের অন্তর্ভুক্ত থাকে না।

এদিকে সপ্তাহান্তের বক্স অফিস তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির আয় ১ কোটি ১৪ লাখ ডলার। অন্যদিকে, ‘গডজিলা মাইনাস জিরো’ দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাজার থেকে আয় করেছে ৮৩ লাখ ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৮ কোটি ৯৯ লাখ ডলার।

আগামী সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’। ১৭ থেকে ২০ কোটি ডলার বাজেটের এই সিনেমাটি বক্স অফিসের শীর্ষস্থান দখলের অন্যতম দাবিদার। ফলে দ্বিতীয় সপ্তাহেও ‘এবেনেজার’ শীর্ষস্থান ধরে রাখতে পারে কি না, এখন সেটিই দেখার বিষয়।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝