ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সোনাক্ষী সিনহার বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৫৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তিকে মুক্তির নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত। অভিযুক্তের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে আদালত পুলিশকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দিয়েছেন।

অভিযুক্তের নাম আরিয়ান দীপক জৈন। তিনি দিল্লির বাসিন্দা। গত ১৩ নভেম্বর সোনাক্ষীর অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের বান্দ্রা থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে ১৪ নভেম্বর সকাল ১০টা ১১ মিনিটে দিল্লির শাহদারা এলাকার জগতপুরি থানা থেকে আরিয়ানকে গ্রেপ্তার করে মুম্বাইয়ে নিয়ে আসে পুলিশ। পরে তাকে বান্দ্রা আদালতে হাজির করা হয়।

তবে গ্রেপ্তারের আগে দিল্লির স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তকে হাজির করা হয়নি। বিষয়টি নজরে আসার পর আদালত পুলিশের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।

শুনানিতে পুলিশ অভিযুক্তকে তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। পুলিশের দাবি, অভিনেত্রীর আপত্তিকর ছবি তৈরিতে কোন ইলেকট্রনিক ডিভাইস বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে, তা শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

অন্যদিকে অভিযুক্তের আইনজীবীরা পুলিশের আবেদনের বিরোধিতা করেন। তাঁদের দাবি, গ্রেপ্তারের আগে আইন অনুযায়ী প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়নি এবং গ্রেপ্তারের কারণও অভিযুক্তকে জানানো হয়নি। দিল্লির স্থানীয় আদালতে হাজির না করেই তাকে সরাসরি মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

আদালত পর্যবেক্ষণে বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সর্বোচ্চ সাজা সাত বছর পর্যন্ত হতে পারে। এ ধরনের ক্ষেত্রে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ৩৫(১)(বি) ধারার বিধান অনুযায়ী গ্রেপ্তারের প্রয়োজনীয়তা এবং কারণ যথাযথভাবে নথিভুক্ত করা জরুরি।

কিন্তু তদন্তকারী কর্মকর্তা সেই বাধ্যতামূলক আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করেছেন, এমন সন্তোষজনক প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করা হয়নি।

আদালত আরও জানান, তদন্তের প্রয়োজনে কাউকে গ্রেপ্তার ও আটক রাখার ক্ষেত্রে নির্ধারিত আইনি নিয়ম উপেক্ষা করা যায় না।

এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত আরিয়ান দীপক জৈনের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেন এবং তাকে মুক্তির নির্দেশ দেন।

তবে আদালতের এই আদেশের অর্থ অভিযোগ থেকে অভিযুক্তের চূড়ান্ত অব্যাহতি নয়; মামলার তদন্ত যথাযথ আইনি প্রক্রিয়ায় চলতে পারে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝