ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দীর্ঘ বিরতির পর কাজে ফিরতে চান ‘জোশ’খ্যাত শরদ কাপুর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম
X

একসময় বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেতা শরদ কাপুর। শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘জোশ’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। তবে দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত থাকার পর এবার নতুন কাজের আবেদন জানিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেতা। তাঁর আবেদনে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদ।

সোমবার (১৬ নভেম্বর) মুম্বাইয়ের বান্দ্রায় শরদ কাপুরের সঙ্গে দেখা করেন সোনু সুদ। ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, শরদের সঙ্গে সম্ভাব্য একটি কাজের বিষয়ে আলোচনা করতেই এ সাক্ষাৎ। তাঁদের একসঙ্গে কথা বলার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া শরদের প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর ব্যবস্থাও করেছেন সোনু, জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে চলচ্চিত্র অঙ্গনের জ্যেষ্ঠ শিল্পী ও সহকর্মীদের কাছে কাজের সুযোগ চান শরদ। তিনি স্পষ্ট করেন, তাঁর চাওয়া আর্থিক সহায়তা নয়; অভিনয়ে ফিরতে চান তিনি। চলচ্চিত্র, টেলিভিশন কিংবা ওটিটি—যেকোনো মাধ্যমে ভালো কাজের সুযোগ পেলে কৃতজ্ঞ থাকবেন বলেও জানান।

শরদ জানান, গত দুই থেকে তিন বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে দীর্ঘ সময় বিছানায় কাটাতে হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মুম্বাই পুলিশের কাছে মামলা হয়। ৩২ বছর বয়সী এক অভিনেত্রী ও প্রযোজক তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন। তবে শরদ ওই অভিযোগ অস্বীকার করেন।

অভিনেতার ভাষ্য, অভিযোগের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বিষণ্নতায় ভুগেছেন এবং কাজ কিংবা মানুষের সঙ্গে দেখা করার আগ্রহও হারিয়ে ফেলেছিলেন।

সম্প্রতি তাঁর চার পোষা কুকুরকে একটি প্রাণীকল্যাণ কেন্দ্রে সাময়িকভাবে পাঠানোর ভিডিওও ছড়িয়ে পড়ে। পায়ের চোটের কারণে কুকুরগুলোর যথাযথ যত্ন নিতে পারছিলেন না তিনি। বার্সেলোনায় ফুটবল খেলতে গিয়ে অন্য এক খেলোয়াড়ের সঙ্গে পায়ের সংঘর্ষে আহত হন শরদ। চিকিৎসকেরা তাঁকে দুই মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। সুস্থ হয়ে উঠলে কুকুরগুলোকে আবার নিজের কাছে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে তাঁর।

শরদের কাজের আবেদনে সাড়া দিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও। সংগঠনটি চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, পরিচালক, কাস্টিং ডিরেক্টর, ওটিটি প্ল্যাটফর্ম ও টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি অভিনেতাকে কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটির বক্তব্য, শরদ চলচ্চিত্র পরিবারের একজন সদস্য। তাঁকে নতুন করে কাজের সুযোগ দেওয়া উচিত।

এদিকে কাজ চাওয়ার ভিডিও নিয়ে আলোচনার মধ্যেই নতুন খবর জানিয়েছেন শরদ। হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সহকর্মীদের সমালোচনা করা কিংবা আর্থিক সহায়তা চাওয়া তাঁর উদ্দেশ্য ছিল না। সাত বছর নিউইয়র্কে থাকার পর এক বছর আগে ভারতে ফিরেছেন তিনি। এখন আবার নিয়মিত অভিনয়ে ফিরতে চান।

শরদ আরও জানান, একটি হলিউড সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। আগামী জানুয়ারিতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। পাশাপাশি বলিউডেও কাজ চালিয়ে যেতে চান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, পুরোপুরি সুস্থ হতে তাঁর আরও দুই মাস সময় লাগতে পারে।

১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন শরদ কাপুর। এরপর ‘তামান্না’, ‘জোশ’, ‘খুফ’, ‘জানি দুশমন’, ‘এলওসি কারগিল’, ‘লক্ষ্য’ ও ‘জয় হো’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘জোশ’ সিনেমায় প্রকাশ শর্মা চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিতি পান এই অভিনেতা। সর্বশেষ ২০১৯ সালে ‘ক্যাবারে’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝