ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার, আইনি ত্রুটিতে মুক্তি পেলেন অভিযুক্ত
✎
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম
X

দিল্লি থেকে গ্রেফতার করে মুম্বাইয়ে নেওয়া ব্যক্তিকে প্রথমে স্থানীয় আদালতে হাজির না করায় পুলিশের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাজিস্ট্রেট

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তাঁর অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলার তদন্তে নেমে দিল্লি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। তবে গ্রেফতারের পরই মামলায় আসে নতুন মোড়। গ্রেফতারের আইনি প্রক্রিয়ায় ত্রুটি থাকায় অভিযুক্তকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোনাক্ষীর অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের বান্দ্রা থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে আরিয়ান দীপক জৈন নামে দিল্লির এক ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। গত ১৪ নভেম্বর সকাল ১০টা ১১ মিনিটের দিকে দিল্লির শাহদরা এলাকার জগৎপুরি থানা-সংলগ্ন স্থান থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে বিমানে করে তাঁকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়।

এরপর অভিযুক্তকে বান্দ্রার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তিন দিনের পুলিশি হেফাজত চায় তদন্তকারী সংস্থা। পুলিশের দাবি, সোনাক্ষীর বিকৃত ছবি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস এবং অন্যান্য মাধ্যম উদ্ধার করা প্রয়োজন। পাশাপাশি ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল পুলিশ।

তবে পুলিশের আবেদনে সাড়া দেননি আদালত। বরং দিল্লি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে মুম্বাইয়ে আনার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন ম্যাজিস্ট্রেট। আদালতের পর্যবেক্ষণ, দিল্লি থেকে গ্রেফতারের পর অভিযুক্তকে সরাসরি মুম্বাইয়ে নিয়ে আসা হলেও প্রথমে দিল্লির নিকটবর্তী কোনো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়নি। অথচ এ ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন ছিল।

কেন সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকেও সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে গ্রেফতারের পদ্ধতিতে আইনি ত্রুটি বিবেচনায় নিয়ে অভিযুক্তকে মুক্তির নির্দেশ দেন আদালত।

এদিকে সোনাক্ষীর বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগের তদন্ত কীভাবে এগোয়, এখন সেটিই দেখার বিষয়। গ্রেফতার প্রক্রিয়া নিয়ে আদালতের পর্যবেক্ষণের পর মামলাটি নতুন করে আলোচনায় এসেছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝