প্রয়াত বলিউড অভিনেত্রী নিম্মির রেখে যাওয়া বিপুল সম্পত্তি নিয়ে তৈরি হয়েছে পারিবারিক বিরোধ। অভিনেত্রীর দীর্ঘদিনের পরিচর্যাকারী আসরার আহমেদ শেখের বিরুদ্ধে প্রায় ৮ কোটি রুপি মূল্যের সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, নিম্মির সম্পত্তি ও ব্যাংকে জমা অর্থ আত্মসাতের চেষ্টা করেছেন আসরার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১১ নভেম্বর মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় এ অভিযোগ দায়ের করা হয়। নিম্মির প্রয়াত দত্তক ছেলে আলী সৈয়দ পারভেজের স্ত্রী সালমা নেলদি পারভিনের পক্ষে তাঁর পাওয়ার অব অ্যাটর্নিধারী আত্মীয় মোহাম্মদ ইউনুস সালিম দুররানি অভিযোগটি করেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, নিম্মির সম্পদের মধ্যে রয়েছে মুম্বাইয়ের জুহু তারা রোডের নেহা অ্যাপার্টমেন্টে দুটি ফ্ল্যাট, যার আনুমানিক বাজারমূল্য ৭ থেকে ৮ কোটি রুপি। এ ছাড়া ভারতের স্টেট ব্যাংক ও সারস্বত ব্যাংকে প্রায় ১ কোটি ৭৭ লাখ রুপির স্থায়ী আমানত, স্বর্ণালংকার এবং একটি গাড়িও রয়েছে।
পরিবারের দাবি, জীবদ্দশায় নিম্মির সঙ্গে আসরার আহমেদ শেখের একটি যৌথ ব্যাংক হিসাব ছিল। অভিনেত্রীর শেষ জীবনে সেই হিসাবের সুযোগ নিয়ে স্থায়ী আমানতের অর্থ সরিয়ে নিয়েছেন তিনি। এমনকি নিম্মির গাড়িটি ভাঙারি হিসেবে বিক্রি করে সেই অর্থও নিজের কাছে রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি জুহুর দুটি ফ্ল্যাটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
উইল গোপন করার অভিযোগ
অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, নিম্মির উইলে তাঁর দত্তক ছেলেকে সম্পত্তির প্রধান উত্তরাধিকারী করা হয়েছিল। কিন্তু পরিচর্যাকারী আসরার সেই উইল গোপন করেছেন বলে অভিযোগ পরিবারের। এ বিষয়ে বিস্তারিত জানতে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
পরিবারের দাবি, হাইকোর্টে উইলের প্রবেট-সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আসরার আহমেদ শেখ তাঁদের কাছে দুটি ফ্ল্যাট বিক্রি করে অর্থ ভাগাভাগির প্রস্তাব দেন। তবে সেই প্রস্তাবে রাজি হয়নি পরিবার।
এসব অভিযোগের ভিত্তিতে সান্তাক্রুজ থানার পুলিশ আসরারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেছে। এর মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও জালিয়াতিসংক্রান্ত অভিযোগও রয়েছে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে। তবে এ বিষয়ে অভিযুক্ত আসরারের কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কে ছিলেন নিম্মি?
নওয়াব বানু নামে জন্ম নেওয়া নিম্মি ১৯৪০ ও ১৯৫০-এর দশকে হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের একজন ছিলেন। রাজ কাপুর ও দিলীপ কুমারের মতো তারকাদের সঙ্গে অভিনয় করে পরিচিতি পান তিনি। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বারসাত’, ‘আন’, ‘উড়ন খাটোলা’ ও ‘মেরে মেহবুব’।
২০২০ সালের জুনে ৮৭ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী। মৃত্যুর ছয় বছর পর এবার তাঁর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে আইনি বিরোধের খবর সামনে এলো।
-টিএস