উপমহাদেশের সংগীতজগতে এমন কিছু কণ্ঠ আছে, যাদের পরিচয় কোনো একটি দেশ, ভাষা কিংবা সময়ের গণ্ডিতে আটকে থাকে না। যাদের গান প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে, হয়ে ওঠে মানুষের আবেগ ও স্মৃতির অংশ। বাংলাদেশের সংগীতের তেমনই এক উজ্জ্বল নাম রুনা লায়লা। আজ ১৭ নভেম্বর, এই কিংবদন্তি সংগীতশিল্পীর ৭৪তম জন্মদিন।
১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। তাঁর বাবা সৈয়দ মোহাম্মদ ইমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা আমেনা লায়লা। বাবার চাকরির সুবাদে শৈশবের বড় একটি সময় কেটেছে পাকিস্তানের করাচিতে। ছোটবেলায় নাচের প্রতি তাঁর আগ্রহ ছিল বেশি। কত্থক ও ভরতনাট্যমের তালিমও নিয়েছিলেন। কিন্তু বড় বোন দীনা লায়লার গান শেখার আসরে বসতে বসতেই সংগীতের প্রতি তৈরি হয় গভীর ভালোবাসা।
মাত্র ছয় বছর বয়সে সংগীতের তালিম শুরু করেন তিনি। শৈশবেই তাঁর অসাধারণ স্মৃতিশক্তি, সুর ও তালের প্রতি স্বাভাবিক দখল নজর কাড়ে শিক্ষকদের। নয় বছর বয়সে আন্তস্কুল সংগীত প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
১৯৬৪ সালে ‘জুগনু’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাক গানের জগতে যাত্রা শুরু করেন রুনা লায়লা। অল্প বয়সেই পাকিস্তানের চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেন। পরবর্তী সময়ে বাংলা গানে তাঁর আগমন ঘটে। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্বরলিপি’ চলচ্চিত্রের ‘গানের খাতায় স্বরলিপি লিখে’ গানটি তাঁকে বাংলা গানের শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে দেশে ফিরে আসেন তিনি। এরপর বাংলা চলচ্চিত্র ও আধুনিক গানে একের পর এক জনপ্রিয় গান উপহার দিতে থাকেন। তাঁর কণ্ঠে ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’, ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে’, ‘যখন থামবে কোলাহল’, ‘খাঁচা ভেঙে পাখি উড়ে গেল’, ‘বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম’ এবং ‘ভাষার জন্য যারা দিয়ে গেছ প্রাণ’ গানগুলো শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়।
তবে রুনা লায়লার জনপ্রিয়তা শুধু বাংলা গানে সীমাবদ্ধ থাকেনি। হিন্দি, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, পশতু, বালুচি, আরবি, ফারসি, মালয়, নেপালি, জাপানি, ইতালীয়, স্প্যানিশ, ফরাসি ও ইংরেজিসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন তিনি। তাঁর গাওয়া সুফি ঘরানার ‘দমাদম মাস্ত কালান্দার’ গানটি আন্তর্জাতিক পরিসরে বিশেষ পরিচিতি এনে দেয়। ভাষার ভিন্নতা পেরিয়ে এই গান তাঁকে দক্ষিণ এশিয়ার সংগীতের অন্যতম পরিচিত মুখে পরিণত করে।
রুনা লায়লার সংগীতজীবনের আরেকটি উল্লেখযোগ্য দিক তাঁর রেকর্ডিংয়ের দক্ষতা। তিন দিনে ৩০টি গান রেকর্ড করার কৃতিত্বের কথাও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। তাঁর গাওয়া গানের সংখ্যা ১০ হাজারেরও বেশি বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পরও নিজেকে নতুনভাবে আবিষ্কারের চেষ্টা করেছেন তিনি। ২০১৭ সালে ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের মাধ্যমে সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ছবিটির ‘গল্প কথার ওই কল্পলোকে’ গানটির সুর করেন তিনি। পরবর্তী সময়ে এই কাজের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সংগীত পরিচালকের স্বীকৃতি পান। তাঁর সুরে গান গেয়েছেন আশা ভোঁসলে, হরিহরণ, আদনান সামি ও রাহাত ফতেহ আলী খানের মতো উপমহাদেশের খ্যাতিমান শিল্পীরা।
অর্জনের তালিকাও দীর্ঘ। বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন ১৯৭৭ সালে। চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ভারত থেকে পেয়েছেন সায়গল অ্যাওয়ার্ড। পাকিস্তানের নিগার অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননাও যুক্ত হয়েছে তাঁর ঝুলিতে। বিভিন্ন দেশে তাঁর অর্জিত পুরস্কারের সংখ্যা প্রায় ৩০০ বলে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
সংগীতের বাইরেও মানবিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন রুনা লায়লা। বড় বোন দীনা লায়লার মৃত্যুর পর ক্যানসার চিকিৎসায় সহায়তার জন্য ঢাকায় একাধিক দাতব্য সংগীতানুষ্ঠানে অংশ নেন। সংগীতের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার এই দিকটিও তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়।
এবারের জন্মদিনে তাঁকে ঘিরে বিশেষ আয়োজনও রয়েছে। চ্যানেল আইয়ের পক্ষ থেকে জন্মদিনের উপহার হিসেবে তাঁকে দেওয়া হয়েছে একটি সোনালি গিটার। তাঁকে নিয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান ‘রুনা মহল’ প্রচারেরও আয়োজন করা হয়েছে।
ছয় দশকের বেশি সময়ের সংগীতযাত্রায় রুনা লায়লা কেবল অসংখ্য গান উপহার দেননি, তৈরি করেছেন নিজস্ব এক সংগীতভাষা। তাঁর কণ্ঠে যেমন আছে গজলের মাধুর্য, তেমনি আছে আধুনিক গানের চঞ্চলতা, লোকসংগীতের আবেগ ও সুফি সংগীতের গভীরতা।
সময় বদলেছে, সংগীতের মাধ্যম বদলেছে, শ্রোতার প্রজন্মও বদলেছে। কিন্তু রুনা লায়লার গানের আবেদন রয়ে গেছে অটুট। নতুন প্রজন্মের কাছেও তাঁর গান সমানভাবে পরিচিত ও সমাদৃত। জন্মদিনে তাই তাঁকে ঘিরে শুধু শুভেচ্ছা নয়, ফিরে দেখার উপলক্ষ তৈরি হয়েছে বাংলাদেশের সংগীতের এক দীর্ঘ ও সমৃদ্ধ অধ্যায়ের।
৭৪ বছরে পা রাখা এই শিল্পীর কাছে ভক্তদের প্রত্যাশা একটাই—কণ্ঠের সুরে আরও দীর্ঘদিন মুগ্ধ করে রাখুন শ্রোতাদের।
এফএস