ব্যাটম্যানের পর এবার বিশ্বের জনপ্রিয় ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের ভূমিকায় দেখা যাবে হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসনকে। নতুন জেমস বন্ড হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও উচ্ছ্বাস। অনেকেই মজা করে বলছেন, ‘ব্যাটম্যানই এখন জেমস বন্ড!’
সোমবার (১৬ নভেম্বর) অ্যামাজন এমজিএম স্টুডিওস প্যাটিনসনকে পরবর্তী জেমস বন্ড হিসেবে ঘোষণা করে। এর মধ্য দিয়ে ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল।
এর আগে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় ব্রুস ওয়েন তথা ব্যাটম্যান চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান প্যাটিনসন। এবার একই অভিনেতাকে দুই জনপ্রিয় কাল্পনিক চরিত্রে দেখতে পাবেন দর্শকরা।
ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার নতুন দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আবার কেউ ব্যাটম্যান ও জেমস বন্ড একই অভিনেতার হাতে যাওয়ার বিষয়টি নিয়ে মজার মন্তব্য করেছেন।
এক ভক্ত লিখেছেন, ‘ব্যাটম্যানই এখন জেমস বন্ড!’ আরেকজন মন্তব্য করেছেন, রাতে ব্যাটম্যান, দিনে জেমস বন্ড—রবার্ট প্যাটিনসনের ক্যারিয়ার সত্যিই দারুণ।
এর আগে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ছয়জন অভিনেতা। ১৯৬২ সালে ‘ড. নো’ সিনেমার মাধ্যমে প্রথমবার এই চরিত্রে পর্দায় হাজির হন শন কনারি। এরপর জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেগ চরিত্রটিতে অভিনয় করেন।
ড্যানিয়েল ক্রেগ ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ সিনেমার মাধ্যমে জেমস বন্ড হিসেবে যাত্রা শুরু করেন। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ ছিল তার শেষ বন্ড সিনেমা। এবার সপ্তম অভিনেতা হিসেবে এই আইকনিক চরিত্রে যুক্ত হলেন রবার্ট প্যাটিনসন।
নতুন বন্ড হওয়ার দৌড়ে জ্যাকব এলর্ডি, জ্যাক লোডেন ও ক্যালাম টার্নারের নামও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত প্যাটিনসনকেই বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
নতুন জেমস বন্ড সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলনুভ। চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট। প্রযোজনায় থাকছেন অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান। তবে সিনেমার আনুষ্ঠানিক নাম ও মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
এফএস