ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকার আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি নেত্রকোনায় গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ৭:২৯ পিএম
X

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে (২৫) নেত্রকোনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত রুকু মিয়ার ছেলে।

এর আগে মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যান কাউসার। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নেত্রকোনার পূর্বধলায় নিজ বাড়িতে তার অবস্থান শনাক্ত করে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পূর্বধলা থানা পুলিশের সহায়তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানার একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর কাউসারকে ঢাকার কোতোয়ালি থানায় নিয়ে গেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পোশাকশ্রমিক আলো আক্তার (১৭) হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে কাউসারকে গ্রেপ্তার করা হয়েছিল। গত মঙ্গলবার ওই মামলায় তাকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে দায়িত্ব পালনরত এক কনস্টেবলের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ জুলাই ঢাকার দক্ষিণখান থানার দক্ষিণপাড়া এলাকায় পোশাকশ্রমিক আলো আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা করেন। ওই দিনই ঘটনার সন্দেহভাজন আসামি হিসেবে টঙ্গী এলাকা থেকে কাউসার মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

পরবর্তী সময়ে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কাউসার জানান, নিহত আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে আলো অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় ক্ষোভের বশে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝