জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সরকারি ছুটির কারণে বাংলাদেশ ও ভারতের এই দুই বন্দরে পণ্য আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি আগেই পেট্রাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের জানানো হয়েছে। রোববার সকাল থেকে পুনরায় সব কার্যক্রম শুরু হবে।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে শনিবার বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটি এবং সোমবার ভারতে দীপাবলি (কালীপূজা) উপলক্ষে সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে পুনরায় কার্যক্রম চালু হবে।
অন্যদিকে, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, সরকারি ছুটির কারণে পণ্য পরিবহন বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত-বাংলাদেশ যাতায়াত স্বাভাবিক রয়েছে।
আরএন