জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে সংগীতপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে। প্রিয় শিল্পী ও ব্যান্ডের পরিবেশনা উপভোগ করতে বিকেল থেকেই অনুষ্ঠানস্থলে ভিড় করছেন বিভিন্ন বয়সী দর্শক-শ্রোতা।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সরেজমিনে দেখা যায়, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কনসার্টস্থলে মানুষের উপস্থিতি বাড়ছে। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি তরুণ-তরুণী, বন্ধুদের দল এবং বিভিন্ন বয়সী সংগীতপ্রেমীরা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। শোভাযাত্রা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়েও দলীয় নেতাকর্মীদের কনসার্টস্থলে আসতে দেখা যায়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে কনসার্টটি।
আয়োজনে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড—নগরবাউল (জেমস), মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স সংগীত পরিবেশন করছে। বিকেল ৪টায় শুরু হওয়া কনসার্টটি প্রায় সাত ঘণ্টা চলার কথা রয়েছে।
বিশেষ করে জেমসের নগরবাউল, মাইলস, ওয়ারফেজ ও আর্টসেলের পরিবেশনা ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে। একই মঞ্চে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ডের গান শোনার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন সংগীতপ্রেমীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টটি সবার জন্য উন্মুক্ত। কোনো প্রবেশমূল্য ছাড়াই দর্শক-শ্রোতারা এতে অংশ নিতে পারছেন। ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
এদিকে কনসার্টকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এসএস