ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম
X

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে গন্তব্যে পৌঁছায়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাদের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এর আগে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

যেসব সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা

দলীয় কর্মসূচির নির্ধারিত রুট অনুযায়ী, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়ে যায়। সেখান থেকে ডান দিকে মোড় নিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড অতিক্রম করে।

পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছায় শোভাযাত্রাটি।

এদিকে কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই রাজধানী ও আশপাশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাঁরা শোভাযাত্রায় যোগ দেন।

শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রাখতে দলীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে শোভাযাত্রার আয়োজন করে দলটি।

এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝