নরসিংদীর আলোচিত আবদুল্লাহ ওরফে বাবু হত্যা মামলার প্রধান আসামি ও সন্ত্রাসী গ্রুপ ‘লাল গ্রুপের’ প্রধান আবু লালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) হবিগঞ্জের মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আবু লালের নেতৃত্বাধীন গ্রুপটি নরসিংদী শহরের বিভিন্ন স্থানসহ জেলার বিভিন্ন এলাকায় গোলাগুলি, হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সম্প্রতি এসব অপরাধের ঘটনায় গ্রুপটির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নরসিংদী মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আশিকুর রহমান।
তিনি জানান, নরসিংদী মডেল থানায় দায়ের করা আবদুল্লাহ ওরফে বাবু হত্যা মামলার প্রধান আসামি আবু লালের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে গত কয়েক মাস ধরে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছিল পুলিশ।
গ্রেপ্তারের পর আবু লালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
এসএস