বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শনিবার (৭ নভেম্বর) সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
শনিবার সকালে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।
অন্যদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, দিবসটি উপলক্ষে বন্দরের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
অর্থাৎ, একদিনের জন্য হিলি স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না।
আরএন