ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশ-রাশিয়ার বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:০১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে দুই দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে। বিদ্যমান প্রতিবন্ধকতা কাটিয়ে কীভাবে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিসর বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনার মাধ্যমে নতুন উদ্যোগের সূচনা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ‘বাংলাদেশ-রাশিয়া বিজনেস ডায়ালগ’ শীর্ষক এক আলোচনায় এ কথা বলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক।

তিনি বলেন, এটি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একটি সাইডলাইন বৈঠক। দুই দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করাই ছিল এর মূল লক্ষ্য। সভায় রাশিয়ার প্রতিনিধি দল, সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশের বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন। ব্যাংক, স্টক এক্সচেঞ্জ ও কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।

ফজলুল হক বলেন, নানা কারণে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রত্যাশিত মাত্রায় এগোয়নি। বিদ্যমান বাধাগুলো কীভাবে কাটিয়ে বা এড়িয়ে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো যায়, আজকের আলোচনা তার একটি প্রাথমিক পদক্ষেপ।

তিনি আরও বলেন, বৈঠকটি কোনো গোপন বা বিশেষ ধরনের সভা ছিল না। উন্মুক্ত পরিবেশেই আলোচনা হয়েছে। জায়গার স্বল্পতার কারণে ভিডিও প্রেজেন্টেশনের সময় কিছুটা অপেক্ষা করতে হয়েছে।

রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ইলিয়া ও স্তাকভ। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডারও ঢাকায় অবস্থান করছেন। এছাড়া, রাশিয়ায় ব্যবসা পরিচালনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত রুশ নাগরিক সাত্তার মিয়া রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফজলুল হক জানান, রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল রাশিয়ায় থাকা বাংলাদেশি ও রুশ ব্যবসায়ীদের একটি সংগঠন। এটি রাশিয়ার চেম্বার বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের অংশ নয়, স্বতন্ত্র একটি সংগঠন হিসেবে কাজ করছে।

দেশের ব্যবসায়ী মহলের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ব্যবসায়ীদের একটি বড় অংশ এখন কিছুটা অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। বিভিন্ন বিষয়ে তাদের ব্যস্ততা ও দৌড়ঝাঁপও রয়েছে। এ কারণে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তুলনামূলক ছোট একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে।

তিনি বলেন, রাশিয়ার এত বড় প্রতিনিধিদলের উপস্থিতি প্রমাণ করে, দুই দেশই ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আন্তরিক এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সভাপতি আব্দুল হাই সরকার, বাংলাদেশ প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ, বারভিডার সভাপতি আবদুল হক, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান রহমান, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝