রাজধানীর ছয়টি গুরুত্বপূর্ণ স্থানের পাবলিক টয়লেটের পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সহায়তা দিতে অংশীদারত্ব গড়েছে সামাজিক প্রতিষ্ঠান ভূমিজ ও আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এ উদ্যোগের মূল লক্ষ্য নারী ও সুবিধাবঞ্চিত মানুষসহ নগরবাসীর জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গণশৌচাগার সেবা নিশ্চিত করা।
অংশীদারত্বের আওতায় রাজধানীর ছয়টি ব্যস্ত এলাকায় অবস্থিত পাবলিক টয়লেটের পরিচালন ব্যয় বহন করবে আইপিডিসি ফাইন্যান্স। এর ফলে টয়লেটগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সরবরাহ এবং সার্বক্ষণিক ব্যবহার উপযোগী রাখার কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে।
অংশীদারত্বের আওতায় থাকা ছয়টি টয়লেট হলো- মহাখালী বাস টার্মিনালের অনন্যা নারী পাবলিক টয়লেট, গুলশান-১-এর ভূমিজ পাবলিক টয়লেট, মিরপুর-১০-এর ভূমিজ যানবাহন পাবলিক টয়লেট, গাউসিয়ার নূর ম্যানশনে অবস্থিত ভূমিজ-রবীন্দ্র নারী পাবলিক টয়লেট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চত্বরের ভূমিজ নারী পাবলিক টয়লেট এবং খিলক্ষেত বাজারের ভূমিজ খিলক্ষেত পাবলিক টয়লেট। এর মধ্যে গাউসিয়ার টয়লেটটি শুধু নারীদের ব্যবহারের জন্য নির্ধারিত।
আইপিডিসির অর্থায়নে পরিচ্ছন্নতাকর্মী ও কর্মীদের বেতন, পানি ও বিদ্যুৎ বিল, সাবান, টিস্যু, স্যানিটাইজার ও জীবাণুনাশকসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী কেনা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ, তদারকি ও ছোটখাটো মেরামতের ব্যয় মেটানো হবে। ছয়টি টয়লেটেই একই সঙ্গে এ সহায়তা দেওয়া হবে, যাতে সেবার মান বজায় থাকে এবং ব্যবহারকারীরা ধারাবাহিকভাবে এর সুফল পান।
এ উপলক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভূমিজের ফাউন্ডার ও সিইও ফারহানা রশিদ, ফাউন্ডার ও সিওও মো. মাসুদুল ইসলাম এবং আইপিডিসি ফাইন্যান্সের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খানসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খান বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন ও নিরাপদ টয়লেট অত্যন্ত জরুরি, বিশেষ করে নারী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য। এই অংশীদারত্বের মাধ্যমে আমরা এসব সেবা যথাযথভাবে চালু রাখতে ভূমিজের পাশে থাকতে চাই, যাতে ঢাকাবাসীর জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক হয়। বাস্তবসম্মত সমাধানের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে এ উদ্যোগ আমাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি।”
ভূমিজের ফাউন্ডার ও সিইও ফারহানা রশিদ বলেন, “পাবলিক টয়লেট পরিচ্ছন্ন, নিরাপদ ও ব্যবহারযোগ্য রাখতে নিয়মিত পরিচালন সহায়তা জরুরি। আইপিডিসির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা টয়লেটগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীর সরবরাহ এবং আরও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে পারব। পাবলিক টয়লেটকে সবার জন্য, বিশেষ করে নারী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরও সহজলভ্য করার লক্ষ্যে আমাদের কাজ অব্যাহত থাকবে।”
ভূমিজ রাজধানীভিত্তিক একটি সামাজিক প্রতিষ্ঠান, যা পাবলিক টয়লেট নির্মাণ ও পরিচালনার পাশাপাশি জনবহুল এলাকায় নারী-বান্ধব ও সবার ব্যবহার উপযোগী গণশৌচাগার সেবা সম্প্রসারণে কাজ করছে। অন্যদিকে, এ অংশীদারত্বের মাধ্যমে জরুরি জনসেবা সহজলভ্য করা এবং সামাজিক কল্যাণে ভূমিকা রাখার ক্ষেত্রে আইপিডিসি ফাইন্যান্সের উদ্যোগ আরও বিস্তৃত হলো।
রাজধানীর জনবহুল এলাকায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গণশৌচাগারের অভাব নগরবাসীর, বিশেষ করে নারী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বড় চ্যালেঞ্জ। এ বাস্তবতায় ছয়টি পাবলিক টয়লেটের নিয়মিত পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আইপিডিসির এই সহায়তা নগরজীবনে প্রয়োজনীয় জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
-টিএস