চট্টগ্রাম ক্লাবের ফ্যামিলি ডাইনিং হলে গতকাল রাতে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রেস্তোরাঁ ব্যবসার বিদ্যমান সমস্যা, ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া এবং দেশের রেস্তোরাঁ শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিশেষ গুরুত্ব পায় Foodpanda-সহ বিভিন্ন অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের সঙ্গে রেস্তোরাঁ মালিকদের ব্যবসায়িক সম্পর্কের বিষয়টি। এ সময় প্ল্যাটফর্মগুলোর অতিরিক্ত কমিশন, সার্ভিস চার্জ এবং অন্যান্য আর্থিক খরচ নিয়ে নিজেদের উদ্বেগ ও মতামত তুলে ধরেন উপস্থিত ব্যবসায়ীরা।
বক্তারা বলেন, বর্তমান সময়ে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম রেস্তোরাঁ ব্যবসার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এ খাতে কমিশন ও অন্যান্য চার্জ নির্ধারণে যৌক্তিকতা, স্বচ্ছতা এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি। রেস্তোরাঁ মালিকদের ন্যায্য স্বার্থ সুরক্ষার পাশাপাশি ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ ও টেকসই ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সম্মিলিত উদ্যোগের মাধ্যমে রেস্তোরাঁ শিল্পের বিদ্যমান সমস্যাগুলো সমাধান, ব্যবসায়ীদের যৌক্তিক দাবি আদায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর আলোচনার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত সদস্যরা রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা মনে করেন, রেস্তোরাঁ শিল্পের টেকসই উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং মালিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শক্তিশালী ও কার্যকর সাংগঠনিক অবস্থান গড়ে তোলা অত্যন্ত জরুরি।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সভার সিদ্ধান্ত ও সম্মিলিত উদ্যোগ চট্টগ্রামের রেস্তোরাঁ শিল্পের উন্নয়ন এবং ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
-টিএস