গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে বর্জ্যবাহী লড়ির ধাক্কায় মো. সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে শ্রীপুর পৌর শহরের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর লড়ির চালক ইউসুফ আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন।
নিহত সিদ্দিকুর রহমান শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত হাছেন আলীর ছেলে এবং পৌর বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলক্রসিং পার হয়ে সড়কের এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সিদ্দিকুর রহমান। এ সময় নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের বর্জ্যবাহী একটি লড়ি পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গেলে লড়ির পেছনের চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের বড় ভাই মোস্তফা কামাল বলেন, সকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হয়েছিলেন তাঁর ভাই। রেলক্রসিং পার হয়ে সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি লড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে লড়ির পেছনের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত লড়ি ও এর চালককে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টিএস/রফিক