সাবেক স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে লক্ষ্মীপুরের কমলনগরে ফজলে আলী হাজারী (৬০) নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মোহাম্মদ মাহফুজ (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজলে আলী হাজারী ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত মাহফুজ স্থানীয় আবু তাহেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ দেলোয়ার মাহমুদ (২০) ও জেরিন (১৮) প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে বিয়ে করেন। তবে প্রায় ছয় মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর দেলোয়ার তাঁর সাবেক স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে জেরিনের আত্মীয়স্বজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এরই জেরে জেরিনের খালাতো ভাই মাহফুজ বটতলী বাজারে গিয়ে তাঁর আত্মীয় ফজলে আলী হাজারীর কাছে ভিডিও প্রকাশের বিষয়ে জানতে চান। এ সময় ফজলে আলী জানান, দেলোয়ার বাড়িতে নেই। তিনি ফিরে এলে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা যেতে পারে।
একপর্যায়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। অভিযোগ রয়েছে, পরে ফজলে আলীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। পরিবারের দাবি, সেখানে তাঁকে ভর্তি করা হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত মাহফুজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম অবজারভারকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
-টিএস/ইমন