ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাজেকে হামলা-ভাঙচুরের প্রতিবাদে দুই জেলায় সড়ক অবরোধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:২৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে। সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে শনিবার (২৪ অক্টোবর) এ কর্মসূচি পালন করছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার বাসসহ জেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে গন্তব্যে যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ। তবে শহর ও শহরতলির কিছু এলাকায় সীমিত পরিসরে হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে।

শনিবার ভোরে খাগড়াছড়ি জেলা সদরের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় অবরোধের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেন পিকেটাররা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টায়ার সরিয়ে সড়কটি যান চলাচলের উপযোগী করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলাকালে জেলার অন্য কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান বলেন, অবরোধকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে টানা তৃতীয় দিনের মতো অবরোধ চলছে। সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থিত সশস্ত্র সদস্যদের সরিয়ে দেওয়াসহ তিন দফা দাবিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এ কর্মসূচির ডাক দেয়।

চলমান অবরোধের মধ্যে বৃহস্পতিবার সাজেকের উজোবাজার এলাকায় অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ ওঠে। এসব ঘটনার প্রতিবাদে এবং সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন। অবরোধের ফলে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি পরিবহন খাত ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement