রাজধানীর রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালে সরাসরি মামলা দায়ের এবং মালামাল জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখলের বিষয়ে আর অনুরোধ নয়, এখন থেকে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি পালিত হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, রাস্তায় যানজট সৃষ্টি, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোর অন্যতম কারণ অবৈধ হকার ও ভাসমান দোকান। এসব দুর্ভোগ থেকে নগরবাসী মুক্তি চায়।
তিনি আরও বলেন, মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানোর সুযোগ নেই। সিটি করপোরেশনের নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
-টিএস