ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে বগুড়া জেলার শেরপুর থানার ভবানীপুর ইউনিয়নের সরকারবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম মো. গোলাম রব্বানী (বিপি-৯৪২০২২৭০৭৫)। তিনি ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে এসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের বড় ফলিয়া গ্রামে এবং তার বাবার নাম মো. জালাল উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি কাটানো শেষে একটি মাইক্রোবাসযোগে ঢাকায় নিজের কর্মস্থলে ফিরছিলেন এসআই গোলাম রব্বানী। পথিমধ্যে বগুড়ার শেরপুর থানাধীন সরকারবাজার এলাকায় পৌঁছালে তার বহনকারী গাড়িটি মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর তার মরদেহ বর্তমানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এসএ