খুলনার তেরখাদা উপজেলায় রামীম বিশ্বাস (৩২) নামে এক ওয়ার্ড যুবদল সভাপতিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নে আয়নাল মোল্লার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত রামীম বিশ্বাস মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তাঁর বাবার নাম হাবিবুর রহমান। দুর্বৃত্তদের ছোড়া গুলি তাঁর পাঁজরে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পেছন থেকে রামীমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। খবর পেয়ে তেরখাদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।
এ বিষয়ে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবির সিদ্দিক শুভ্র জানান, পুলিশ গুরুত্বের সঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটন, অপরাধীদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ওই এলাকায় পুলিশের বিশেষ নজরদারি বজায় রয়েছে।
-টিএস