বাংলাদেশ নৌবাহিনীর জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত ল্যান্ডিং ক্রাফট ট্যাংক (এলসিটি) এলসিটি-১০৪-এর আনুষ্ঠানিক লঞ্চিং সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) খুলনা শিপইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে বেলুন উড়িয়ে জাহাজটির লঞ্চিং কার্যক্রম উদ্বোধন করেন সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মো. মাকসুদুল আলম।
জাহাজটি নৌবাহিনীর সামরিক পরিবহন সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি ল্যান্ডিং ক্রাফট ট্যাংক ৩৫০ জন সৈন্য, ছয়টি ট্যাংক অথবা ১১৮টি সামরিক যানবাহন পরিবহনে সক্ষম। কানাডীয় নকশায় বিশেষায়িত স্টিল দিয়ে নির্মিত এসব জাহাজে শক্তিশালী ক্যাটারপিলার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনীর জন্য খুলনা শিপইয়ার্ডে নির্মাণাধীন তিনটি ল্যান্ডিং ক্রাফট ট্যাংকের মধ্যে এলসিটি-১০৪ তৃতীয় জাহাজ। এর লঞ্চিংয়ের মধ্য দিয়ে নৌবাহিনীর আধুনিকায়ন এবং সৈন্য ও সামরিক সরঞ্জাম পরিবহনের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগে আরও একটি অগ্রগতি যুক্ত হলো।
অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মো. মাকসুদুল আলম বলেন, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ নৌবাহিনী সব সময় নিয়োজিত রয়েছে। নৌবাহিনীকে আরও আধুনিক ও সক্ষম করে তুলতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আবদুল লতিফসহ বাংলাদেশ নৌবাহিনী ও খুলনা শিপইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-টিএস/সাব্বির