প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ ছাড়া জাপানের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু সম্মেলন কপ-৩১ সামনে রেখে আয়োজিত জাতীয় সংলাপে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রস্তুত করা জাতীয় অবস্থানপত্র প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শামা ওবায়েদ বলেন, সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কপ-৩১ সম্মেলনে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরতে চায় বাংলাদেশ।
তিনি জানান, বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বৃদ্ধি এবং জলবায়ু অভিযোজন ও প্রশমনে সমান গুরুত্ব দেওয়ার দাবি জানাবে বাংলাদেশ। উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সহায়তা মূলত অনুদান হিসেবে আসা উচিত, যাতে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা না বাড়ে।
প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক আলোচনায় কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে, যাতে আলোচনার টেবিল থেকে দেশের জন্য প্রয়োজনীয় সুবিধা আদায় করা সম্ভব হয়।
তিনি আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় যৌথভাবে আন্তমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করেছে। পরিবেশ নিয়ে কাজ করা তরুণদেরও এ প্রক্রিয়ায় যুক্ত করার সুযোগ রয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় তহবিল গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে তিনি অনুদানের আহ্বান জানান।
উল্লেখ্য, বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। চার দিনের এ সফরে ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে তাঁর।
-টিএস