যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। কোনো মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে বলে জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেয় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
পোস্টে দূতাবাস জানায়, কেউ গ্রেপ্তার হলে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্যও বিবেচিত হতে পারেন।
এর আগে, চলতি মাসে আরেকটি বার্তায় চুরির অপরাধে জড়িত ব্যক্তিদের ভিসা বাতিল এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিল দূতাবাস।
গত ১০ অক্টোবর নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ওই বার্তায় দূতাবাস জানায়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের মতো অপরাধের কারণে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।
বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং দেশটিতে আসা সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকে আইন মেনে চলার প্রত্যাশা করে।
-টিএস